বগলা প্রসাদ ভট্টাচার্য

জন্ম: ১৯২০ সাল

মৃত্যু: ২৮শে এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার (তৎকালীন পটিয়া থানা) দোহাজারী ইউনিয়নের জামিজুরী গ্রাম

গ্রামবাসীকে বিলামূল্যে চিকিৎসাসেবা দেয়ার জন্য বগলা প্রসাদ ভট্টাচার্য খুবই জনপ্রিয় ছিলেন। একাত্তরে দোহাজারীতে জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় তরুণেরা মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ নেয়া শুরু করেন। এতে বগলা প্রসাদ ভট্টাচার্যের এক ছেলেও অংশ নিয়েছিল। এ খবর পেয়ে রাজাকার বাহিনীর সহায়তায় একাত্তরের ২৮শে এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামে গণহত্যা চালায়। বগলা প্রসাদ ভট্টাচার্যের বিশ্বাস ছিল কেউ তাঁর ক্ষতি করবে না। এজন্য গণহত্যা শুরু হলে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও তিনি বাড়িতে থেকে যান। এক সময় বাড়ি থেকে বের হলেও পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে দেখে ফেলে এবং গুলি করে হত্যা করে। এদিন বগলা প্রসাদ ভট্টাচার্য ছাড়া আরও দুইজন চিকিৎসককেও হত্যা করা হয়েছিল।