
জন্ম: ১লা জানুয়ারি, ১৯২৭
মৃত্যু: ১৪ই ডিসেম্বর, ১৯৭১
জন্মস্থান: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড়বাড়ি গ্রাম
মফিজ উদ্দিন খান ময়মনসিংহের লিটন মেডিকেল স্কুল থেকে ১৯৫২ সালে এলএমএফ পাস করে সে বছরই পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫৭ সালে তিনি এমবিবিএস ডিগ্রি নেন। ১৯৬৯ সাল থেকে তিনি ডায়াবেটিক সমিতির মেডিকেল রিসার্চ সেন্টারে গবেষক হিসেবে কাজ করছিলেন।
একাত্তরে চিকিৎসক মফিজ উদ্দিন খান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিলেও নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। তাঁদের আশ্রয় দিতেন, অর্থ দিয়ে সহায়তা করতেন। তাঁর এলিফ্যান্ট রোডের বাসায় মুক্তিযুদ্ধের পুরো সময় গোপনে অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন আসতেন। মুক্তিযোদ্ধাদের একটি গোপন মিলনকেন্দ্রের মতো ছিল তাঁর বাসা।
হানাদার পাকিস্তানি সেনারা একাত্তরের ১৪ই ডিসেম্বর মফিজ উদ্দিন খানের বাড়িতে বিমান থেকে বোমা ফেলে। এ হামলায় মফিজ উদ্দিন খান নিহত হন।