আবদুল মান্নান মোল্লা

জন্ম: তথ্য পাওয়া যায় নি

মৃত্যু: ১৩ই থেকে ১৬ই জুন, ১৯৭১

জন্মস্থান: গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রাম

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে আবদুল মান্নান মোল্লা এলএমএফ ডিগ্রি নিয়ে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এরপর তিনি নিজ এলাকায় ফিরে এসে গোপীনাথপুর হাসপাতালে যুক্ত হন। গ্রামের দরিদ্র ও সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন তিনি। মুসলিম লীগ ও শান্তি কমিটির নেতা তাঁকে মুসলিম লীগে যোগ দিতে চাপ দিয়েছিলেন। আবদুল মান্নান রাজি না হওয়ায় রাজাকাররা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

মুক্তিযুদ্ধ শুরু হলে আহত মুক্তিযোদ্ধা ও গ্রামের অসহায় লোকদের চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন চিকিৎসক আবদুল মান্নান মোল্লা। এক পর্যায়ে তাঁর কাছে থাকা ওষুধ শেষ হয়ে যায়। ওষুধ কিনতে গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে গিয়েছিলেন তিনি। মুসলিম লীগ আর শান্তি কমিটির লোকজন লঞ্চঘাট থেকে তাঁকে ধরে তুলে দেয় পাকিস্তানি হানাদার সেনাদের হাতে। টানা তিন দিন অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয় স্বাধীনতাকামী এই চিকিৎসককে।