রইচ উদ্দিন শিকদার

জন্ম: ১৯৩২ সাল

মৃত্যু: ২৭শে মে, ১৯৭১

জন্মস্থান: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মানিক কাজী গ্রাম

চিকিৎসক রইচ উদ্দিন শিকদার ১৯৫৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এলএমএফ পাস করে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ১৯৬৫ সালে ঢাকা মিটফোর্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছিলেন একজন মানবদরদি সুচিকিৎসক।

মুক্তিযুদ্ধের সময় রইচ উদ্দিন শিকদার রাজশাহীতে বিভাগীয় প্রধান ম্যালেরিয়া উচ্ছেদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুর বাজারের পাশে ছিল তাঁর সরকারি বাসা। কাছেই ছিল পাকিস্তানি হানাদার সেনাদের ক্যাম্প। তারা রইচ উদ্দিনকে ক্যাম্পে ডেকে নিয়ে তিন দিন আটকে রেখে নির্যাতন করে। ক্যাম্প থেকে ছাড়া পেয়ে তিনি কুড়িগ্রামে আসেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। একাত্তরের ২৭শে মে কুড়িগ্রামের পাটেশ্বরী এলাকায় হানাদার সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে ১৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের মধ্যে চিকিৎসক রইচ উদ্দিন শিকদারও ছিলেন। সেখানেই তাঁদের গণকবর দেওয়া হয়।