
জন্ম: তথ্য পাওয়া যায় নি
মৃত্যু: ১২ই এপ্রিল, ১৯৭১ তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়
জন্মস্থান: নীলফামারী
শহীদ হেমন্ত কুণ্ডু ছিলেন একজন এলএমএফ চিকিৎসক। নীলফামারী শহরের বড় বাজারে ছিল তাঁর বাড়ি ও ওষুধের দোকান। এখানে বসেই তিনি রোগী দেখতেন। চিকিৎসার পাশাপাশি তিনি নীলফামারীর সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন।
একাত্তরের ১২ই এপ্রিল সকালে রাজাকাররা হেমন্ত কুণ্ডুর বাড়িতে এসে জানায়, সেনাক্যাম্পে একজন মেজর অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসা করতে যেতে হবে। বাড়িতে একটু পরেই ফিরিয়ে দিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যদের এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক রকম জোর করেই তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। পরে পাকিস্তানি হানাদার সেনারা তাঁকে নির্মম নির্যাতন করে এবং আরও অনেকের সঙ্গে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।