
জন্ম: ২২শে জানুয়ারি, ১৯৪৭
মৃত্যু: ১৫ই নভেম্বর, ১৯৭১
জন্মস্থান: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভোগা বকাউলকান্দি গ্রাম
চাঁদপুরের মতলব হাইস্কুল থেকে ১৯৬২ সালে প্রথম বিভাগে এসএসসি ও ১৯৬৪ সালে নটর ডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পান করে হুমায়ূন কবীর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। এমবিবিএসেও তিনি মেধাতালিকায় স্থান করে নিয়েছিলেন। হুমায়ূন কবীর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭১ সালে এমবিবিএস পাস করেন।
ছাত্রজীবন থেকে তিনি প্রায়ই গ্রামের বাড়িতে গিয়ে এলাকার নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একাত্তরে হুমায়ূন কবীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ এলাকার সাধারণ মানুষের চিকিৎসা করছিলেন। এ কারণে তাঁর ওপর রাজাকারদের নজর পড়ে। নভেম্বরে তিনি ওষুধপত্র নিতে ঢাকায় এসেছিলেন। ১৫ই নভেম্বর হুমায়ূন কবীর ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক শহীদ আজাহারুল হক বাড়ি থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাজাকার-আলবদরের দল এসে তাঁদের একটি জিপে তুলে নিয়ে যায়। পরদিন নটর ডেম কলেজের কাছে কালভার্টের নিচে তাঁদের চোখ, হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। তাঁরা চিরনিদ্রায় শায়িত আজিমপুর কবরস্থানে।