
জন্ম: ১৯২৮ সাল
মৃত্যু: ১৫ই ডিসেম্বর, ১৯৭১
জন্মস্থান: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার খয়েরপুর গ্রামে
আলীম চৌধুরী ছিলেন একজন চক্ষু চিকিৎসক। একাত্তরে তিনি, চিকিৎসক ফজলে রাব্বি এবং আরও কয়েকজন চিকিৎসক মুক্তিযোদ্ধাদের একটি গোপন হাসপাতালে চিকিৎসা দিতেন। বিভিন্ন ওষুধ কোম্পানি ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের জন্য তিনি ওষুধ ও টাকা সংগ্রহ করতেন। ভয়ে অনেকে তাঁকে এড়িয়ে যেতো, পাছে তাঁর সাথে যোগাযোগ থাকলে বিপদে পড়তে হয় বা পাকিস্তানি মিলিটারি বাহিনী ঝামেলা করে। অথচ বিপদে পড়া মানুষদের আশ্রয় ও সাহায্য করতে আলীম চৌধুরী সর্বদাই ব্যস্ত থাকতেন। একবার একান্ত মানবিক কারণবশত, পরিবারের সদস্যদের আপত্তি স্বত্বেও তিনি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এক স্বাধীনতাবিরোধী ব্যক্তিকে। সেই আশ্রয় দেয়াই কাল হয় তাঁর জন্য। ১৫ই ডিসেম্বর একদল আলবদর এসে আলীম চৌধুরীকে ধরে নিয়ে যায়।