এস এম ইয়াকুব

জন্ম: ১৯১৬ সাল

মৃত্যু: ১২ই এপ্রিল, ১৯৭১

জন্মস্থান: পশ্চিমবঙ্গের হাওড়া জেলা

এস এম ইয়াকুব কলকাতার বউবাজারে অবস্থিত বেঙ্গল অ্যালেন্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএমএস ডিগ্রি অর্জন করেন। তরুণ বয়সে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। পশ্চিমবঙ্গে দাঙ্গা হলে সেখানেও তিনি এর প্রতিবাদ করেছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিমনা এবং সৈয়দপুর উদীচী শাখার একজন সক্রিয় কর্মী। একাত্তরের মার্চ মাসে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সক্রিয়ভাবে প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন। এতে তাঁর ওপর অবাঙ্গালি রাজাকারেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

একাত্তরের ২৭শে মার্চ সৈয়দপুর সেনানীবাস থেকে আসা একদল পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে গোসল করার মাঝখানে ভেজা শরীরে তুলে নিয়ে যায়। এরপর সৈয়দপুর কোয়ার্টার গার্ডে বন্দী রেখে অকথ্য নির্যাতন করে তাঁর ওপর। ১২ই এপ্রিল রংপুর সেনানিবাস এলাকার নিসবেতগঞ্জ বধ্যভূমিতে তাঁকে হত্যা করা হয়।