
জন্ম: ১০ই আগস্ট, ১৯৩৯
মৃত্যু: ডিসেম্বর, ১৯৭১
জন্মস্থান: ফেনী জেলা
“উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ, যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
ডিসেম্বর মাসের প্রথম থেকেই যুদ্ধের গতি-প্রকৃতি ক্রমেই পাকসেনাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। ফলে তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীও মরিয়া হয়ে ওঠে। বুদ্ধিজীবী হত্যার নীল নকশা এরই মধ্যে তৈরি হয়ে গেছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। মুক্তিবাহিনীতে যোগ দেওয়া ছাত্রদের কেউ কেউ গোপনে রাতে বাসায় এসে এমন বার্তা দিয়ে সাবধান করে যাচ্ছিল শিক্ষকদের। আপাতত ক্যাম্পাস ছেড়ে ঢাকার দক্ষিণে কোনো মুক্তাঞ্চলে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল তারা।
প্রচণ্ড শীত, যুদ্ধ বিধ্বস্ত দেশ, অনিশ্চয়তার মাঝে কে কোথায় যাবেন? পুরো পরিবার সঙ্গে নিয়ে বাড়ি ছাড়াও নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের মতো এই অনিশ্চয়তার মাঝে ড. ন আ ম ফয়জুল মহীও ছিলেন। নভেম্বর মাসের শেষ দিকে মুক্তিযুদ্ধের বাস্তবতা নিয়ে ড. মহীর সঙ্গে তাঁর সহকর্মী, ঢাকাস্থ আলবদর বাহিনীর ডেপুটি কমান্ডার ড. হাবিবুল্লাহর কথা কাটাকাটি হয়। ডিসেম্বর মাসের চার কি পাঁচ তারিখ, ড. ফয়জুল মহীর সঙ্গে ড. হাবিবুল্লাহর পুনরায় প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছিল এবং ড. হাবিবুল্লাহর আচরণে কিছুটা শাসানোর মনোভাবও প্রকাশ পেয়েছিল।
এদিকে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজ ও তাঁর সহকর্মীদের নিয়ে প্রায় ১৫/১৬টি পরিবার ১১ই ডিসেম্বর ঢাকা ছেড়ে বিক্রমপুরের দিকে যাওয়ার পরিকল্পনা করেন। এই দলের সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল ড. ফয়জুল মহীরও। যাওয়া হলো না তাঁর। তিনি থেকে গেলেন তাঁর ফুলার রোডের ৩৫ নম্বর বাসায়। ১৪ই ডিসেম্বর সকালে সাদা এক মাইক্রোবাস এসে থামে ৩৫ নম্বর বাসার কাছে। ১৮/১৯ বছর বয়সী সাত কি আট জন মুখোশধারী যুবক রাইফেল, স্টেনগান হাতে নেমে আসে গাড়ি থেকে। ৩৫ নম্বর ভবনের তিন তলা থেকে লুঙ্গিপরা, চোখ বাঁধা অবস্থায় ড. ফয়জুল মহীকে ধরে নিয়ে গাড়িতে তোলে তারা। ৩৬ নম্বর ভবনের বারান্দা থেকে সবই দেখছিলেন ড. হাবিবুল্লাহ। ওখান থেকে ইশারায় তিনি মুখোশধারী যুবকদের জানিয়ে দেন যে ঠিক মানুষদেরই ধরা হয়েছে। এরপর? অন্য আরও অনেক বুদ্ধিজীবীর সঙ্গে ড. ফয়জুল মহীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার পর রায়ের বাজারের বধ্যভূমিতে শত শত শহীদের মাঝে তাঁর ক্ষত-বিক্ষত বিকৃত লাশ খুঁজে পাওয়া যায়।