গোবিন্দচন্দ্র দেব

জন্ম: ১লা ফেব্রুয়ারি, ১৯০৭

মৃত্যু: ২৬শে মার্চ, ১৯৭১

জন্মস্থান: লাউতা গ্রাম, বিয়ানীবাজার, সিলেট

গোবিন্দচন্দ্র দেব পুরকায়স্থ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং দার্শনিক। তিনি জি সি দেব নামেই সকলের কাছে সুপরিচিত। একদিকে দর্শনের গভীর ও সূক্ষ্ম তত্ত্ব নিয়ে তিনি যেমন ভাবতেন, অন্যদিকে শিশুর মতো সহজ-সরল ব্যবহারে তিনি সকলকে আপন করে নিতেন।

দেশ-কাল-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জায়গা থেকে ডক্টর গোবিন্দচন্দ্র দেব দর্শনের প্রেরণা লাভ করেছিলেন। তাঁর সব গ্রন্থে তাঁর সমন্বয়ী দর্শনের প্রকাশ ঘটেছে। উদার ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গীর প্রকাশ কেবল তাঁর দর্শনচর্চায় প্রকাশ পায় নি, তাঁর ব্যক্তি জীবনেও সে সব প্রতিফলিত হয়েছিল। অকৃতদার এ শিক্ষকের জীবন যাপন ছিল অত্যন্ত সাদাসিধে। তাঁর ভালোবাসা ও বাৎসল্য স্নেহের স্পর্শ পেয়েছিলেন তাঁর ছাত্রছাত্রীরা। সাধারণ মানুষের কল্যাণে এবং অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন চর্চা ও প্রচারের জন্য তিনি তাঁর সমস্ত সম্পত্তি ও অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন।

দাঙ্গা কিংবা যুদ্ধ, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করার সুযোগ থাকলেও তিনি কখনই দেশ ছাড়ার কথা ভাবতেন না। তিনি বলতেন –

“এই আমার দেশ, আমি কোথায় যাব?”

১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি যুক্তরাষ্ট্রে তিন মাস কাটানোর পর দেশে ফিরে আসেন। ২৬শে মার্চ পাকবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন আক্রমণ করে। সেদিন তাঁকে তাঁর বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয় এবং তাঁর মৃতদেহ সেখানকার আরও অনেক লাশের সাথে গণকবর দেয়া হয়। একাত্তরের গণহত্যায় শিক্ষক ডক্টর গোবিন্দচন্দ্র দেবের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন। মহান মুক্তিযুদ্ধের সেই সকল শহীদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা।